সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে হতাশ হয়েছেন সাবেক ওপেনার ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালে দল নির্বাচন ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক অবস্থা, দল গঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেছেন সাবেক এই ব্যাটার।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইমরুল লিখেছেন, 'সত্যি বলতে, বাংলাদেশের খেলা দেখে আমি ভীষণ মর্মাহত হয়েছি। ব্যস্ততার কারণে সব সময় খেলা দেখার সুযোগ হয় না। কিন্তু গতকাল অনেক আশা নিয়ে বাংলাদেশের ম্যাচটি দেখতে বসেছিলাম।' বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরুল।
তার মতে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি হয়নি। ইমরুল বলেন, 'দলের পারফরম্যান্স দেখে আমার মনে হয়েছে, আমরা যেন আবার সেই ২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটের জায়গাতেই ফিরে গেছি। এত বছর পরও যদি আমাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমাদের উন্নতির পথটা আসলে কোথায়?'
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রসঙ্গে ইমরুল স্বীকার করেছেন, বড় কোনো অর্জন কিংবা তারকাখ্যাতি হয়তো পাননি তিনি। তবে দেশের ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন এই সাবেক ওপেনার। তার আক্ষেপ, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মতো স্বাধীনতা, সুযোগ-সুবিধা ও নিজেদের মেলে ধরার পরিবেশ পেলে তার ক্যারিয়ারও ভিন্ন হতে পারত।
ইমরুল বলেন, 'অনেক বাধা, প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঝেমধ্যে মনে হয়, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মতো যদি আমরাও আরও বেশি স্বাধীনতা, সুযোগসুবিধা এবং নিজেদের মেলে ধরার পরিবেশ পেতাম, তাহলে হয়তো আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও অন্য রকম হতে পারত।'