ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে হারালেন কেইন

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে এবার আলোচনায় দুই তারকা। বার্সেলোনার লামিনে ইয়ামাল ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। ইয়ামালের সামনে প্রথমবারের মতো পুরস্কার জয়ের সুযোগ আর কেইন অপেক্ষায় ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতির। লন্ডনের ঐতিহাসিক প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা ব্যালন ডি’অরের ৭০তম আসর। বাংলাদেশ সময় ২৭ অক্টোবর রাত ২টায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, পুরস্কার জয়ের সম্ভাবনাকে সামনে রেখে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছেন ইয়ামাল। তার সঙ্গে মা-বাবা, সঙ্গী, বন্ধু ও ব্যবস্থাপনা দলের সদস্যদের থাকার কথা। 

গত বছর ব্যালন ডি’অর জয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত উসমান ডেম্বেলের কাছে হারেন ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করেন ইয়ামাল, সঙ্গে ছিল ১৭ থেকে ১৮টি অ্যাসিস্ট। বার্সেলোনার একাধিক শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তার ধারাবাহিক পারফরম্যান্সই ব্যালন ডি’অরের আলোচনায় রেখেছে তাকে।

ব্যালন ডি’অরের ফল নিয়ে নিজের ও পরিবারের উদ্বেগের কথা জানিয়েছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়ক বলেন, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ফল আগেভাগে জানতে পারলে স্বস্তি পেতেন। কেইনের ভাষায়, ফলের অপেক্ষা সবার জন্যই চাপের। তবে বিজয়ীর নাম গোপন রাখার মাধ্যমে অনুষ্ঠানের উত্তেজনা ধরে রাখার বিষয়টিও তিনি বুঝতে পারছেন। আপাতত অতিরিক্ত দুশ্চিন্তা না করে অনুষ্ঠান উপভোগ করতে চান এই স্ট্রাইকার। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। 

মার্কার হিসাব অনুযায়ী, বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৬১টি, সঙ্গে সাতটি অ্যাসিস্ট। বুন্দেসলিগায় ৩৬ গোল করে টানা তৃতীয়বার সর্বোচ্চ গোলদাতা হন তিনি। জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু এবং বায়ার্নের হয়ে জার্মান সুপার কাপ, বুন্দেসলিগা ও জার্মান কাপ। চ্যাম্পিয়নস লিগেও ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন কেইন। ব্যালন ডি’অরের আগে স্প্যানিশ দৈনিক মার্কার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২২৬ সদস্যের জুরির ভোটে কেইন পেয়েছেন ৩,৯৬২ পয়েন্ট, আর ইয়ামালের পয়েন্ট ৩,৯৩৭। ব্যবধান মাত্র ২৫। ৩,৪৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।