সাবেক অধিনায়ক সালমান আঘাকে ফিরিয়ে এনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্টের পর সালমানসহ সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
ইংল্যান্ড থেকে ফিরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির ইনিংস খেলে আবারও টেস্ট দলে জায়গা পান সালমান। চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও ১০৭ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।আঘার পাশাপাশি দলে ফিরেছেন ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরত যাওয়া বাঁ-হাতি স্পিনার আলি উসমান।
ইংল্যান্ড সফরের মাঝপথে বাদ পড়া মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হক, আমের জামাল, খুররম শাহজাদ ও মুহাম্মদ আওয়াইস জাফর দলে ফিরতে পারেননি। অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শান মাসুদ। ইংল্যান্ড সফরে বাবর আজমের নেতৃত্বের আগে প্রায় তিন বছর পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ৬ ইনিংসে ১৬১ রান করেন মাসুদ।
আরও বাদ পড়েছেন স্পিনার সাজিদ খান। ইংল্যান্ডে দলের সাথে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সুযোগ পাননি আরেক স্পিনার নোমান আলিও। তবে প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন দুই ব্যাটার- সামির মিনহাস ও মোহাম্মদ সুলেমান এবং অলরাউন্ডার মোহাম্মদ তাহা।
রাওয়ালপিন্ডিতে ৯ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এরপর লাহোরে ১৭ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ গাজী ঘোরি, মোহাম্মাদ সুলেমান, মোহাম্মাদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ, সালমান আলী আঘা, সামির মিনহাস, সৌদ শাকিল।