জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, 'আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ও শেখ হাসিনাকেও হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছেন।'
গাইবান্ধার সাঘাটায় বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের বিচার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের এবং পরিকল্পনাকারীদের বিচার আর দেরি নয়। এদেরও দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছামছুল আলম, উপজেলা যুবলীগ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
আরও পড়ুন: আবাসন ও পানি সংকট নিরসনের দাবিতে বাকৃবি ছাত্রীদের বিক্ষোভ
পরে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু