সীতাকুণ্ডে বিকল বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন যাত্রীরা, লরিচাপায় প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকল বাস মেরামতকালে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর একটি দ্রুতগতির লরি উঠে গিয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে শাপলা পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন যাত্রীরা। পথিমধ্যে কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক ও সহকারী ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় বাসের কিছু যাত্রী নেমে মহাসড়কের পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সজোরে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।