ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের হৃদয় ভেঙে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার নিজের করে নিয়েছেন এই ইংলিশ ফুটবলার। অন্যদিকে, তৃতীয়বারের মতো নারীদের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস।

সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন। এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলার আবারও জিতলেন ব্যালন ডি’অর।

হ্যারি কেইনের হাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর

পুরুষদের ব্যালন ডি’অরের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। চতুর্থ হয়েছেন রদ্রি, আর পঞ্চম স্থানে ছিলেন লিওনেল মেসি।

মূল পুরস্কার না জিতলেও ইয়ামালের হাতে উঠেছে কোপা ট্রফি। টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২১ বয়সী সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন স্পেনের এই তরুণ। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পাশাপাশি ১৭টি গোলে সহায়তা করেন তিনি। বার্সেলোনার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

নারীদের ব্যালন ডি’অর পুতেয়াসের হাতে

পুরুষদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার অধীনেই বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। জাতীয় দলের সাফল্যে তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।

বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের সাফল্যের স্বীকৃতি পেয়েছেন গোলরক্ষক উনাই সিমন। পুরুষদের ইয়াশিন ট্রফি জিতেছেন তিনি। টুর্নামেন্টে স্পেনের আট ম্যাচে মাত্র এক গোল হজম করেন এই গোলরক্ষক।

টানা তৃতীয়বার লামিনে ইয়ামাল এবং টানা দ্বিতীয়বার সের উদীয়মান খেলোয়াড় হলেন ভিকি লোপেজ

নারীদের ব্যালন ডি’অর জিতে নতুন করে আলোচনায় এসেছেন আলেক্সিয়া পুতেয়াস। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন স্পেনের এই তারকা। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। 

নারীদের বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলোনার পেরে রোমেউ। তার অধীনে লিগে ৩০ ম্যাচের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে বার্সেলোনা। দলটির গোল ব্যবধান ছিল ১২১। নারী গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন বার্সেলোনার কাতা কোল। লিগে ১৭ ম্যাচে মাত্র ছয় গোল হজম করার পাশাপাশি ১১টি ম্যাচে ক্লিনশিট রেখেছেন তিনি।

পুরুষ-নারী ফুটবলে সেরা দুই কোচ লুইস দে লা ফুয়েন্তে ও পেরে রোমেউ

নারী বিভাগে বর্ষসেরা ক্লাবের পুরস্কারও জিতেছে বার্সেলোনা। পুরুষ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর ফরাসি ক্লাবটির হাতে উঠেছে পুরস্কারটি।

পুরুষদের গার্ড মুলার ট্রফি জিতে কেইন নিজের সাফল্যের ঝুলিতে যোগ করেছেন আরও একটি পুরস্কার। নারীদের বিভাগে এই ট্রফি জিতে ইতিহাস গড়েছেন মেক্সিকো ও পাচুকার স্ট্রাইকার চার্লিন কোরাল। ব্যালন ডি’অর অনুষ্ঠানে নারীদের গার্ড মুলার ট্রফি জেতা প্রথম মেক্সিকান খেলোয়াড় তিনি।