পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারলেন না শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

শর্ত সাপেক্ষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলতে পারবেন তিনি। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে সুস্থ হয়ে উঠার সম্ভবনা নেই নিশাঙ্কার। এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে এসএলসি জানায়, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার শর্তে দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। কিন্তু সিরিজের আগে তার সুস্থ হয়ে উঠার সুযোগ নেই।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে চোটে পড়েন নিশাঙ্কা। ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।

চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে দলে রাখা হয়েছিল নিশাঙ্কাকে। কিন্তু এই সিরিজেও খেলার জন্য ফিট হয়ে উঠতে পারেননি তিনি। এর আগে গত আগস্টে কব্জির ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান নিশাঙ্কা।

নিসাঙ্কার পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেওয়া হয়েছে আরেক ওপেনার লাহিরু উদারাকে। বর্তমানে ওয়ানডে দলের সঙ্গে পাকিস্তানেই আছেন তিনি। ত্রিদেশীয় সিরিজেও নিশাঙ্কার বদলি হিসেবে উদারাকেই দলে নেওয়া হয়েছিল।