ব্রাজিলে চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বিদ্যমান ৩৫% আমদানিশুল্ক কমাতে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, উচ্চহারে আমদানিশুল্ক থাকার কারণে বাংলাদেশ আশানুরূপ তৈরি পোশাক ব্রাজিলে রপ্তানি করতে পারছে না। ব্রাজিল বিদ্যমান ৩৫ শতাংশ আমদানিশুল্ক সহনীয় পর্যায়ে বা শুল্কমুক্ত করা হলে ব্রাজিলের মানুষ কম মূল্যের বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক ক্রয় করতে পারবেন। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী ব্রাজিলের আমদানিকারকদের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের পণ্যের রপ্তানি বৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত) বাণিজ্য-জোটের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের প্রচেষ্টা চালাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী ২০ আগস্ট দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার সফরের দ্বিতীয় দিন ব্রাজিলের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সাও পাওলো চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাও পাওলোর প্রাদেশিক ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজের ভাইস-প্রেসিডেন্ট এবং ব্রাজিলের বস্ত্র ও পোশাক অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের বিনিয়োগ প্রণোদনা, বিশাল বাজার ও বিভিন্ন দেশে শুল্কমুক্ত রপ্তানির সুযোগকে কাজে লাগিয়ে এদেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। আগামী ৭-৮ নভেম্বর সাও পাওলোতে বিজিএমইএর উদ্যোগে ব্রাজিলে বাংলাদেশের বাণিজ্য মেলা আয়োজন করা হবে। মেলায় বাংলাদেশের তৈরি পোশাকসহ ব্রাজিলে রপ্তানি সম্ভাবনাময় ওষুধ, পাট, সিরামিক, প্লাস্টিক প্রভৃতি পণ্য প্রদর্শন করা হবে।