দেশের মাটিতে বছরের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ক্যারিয়ারের ২য় টেস্টে ব্যাটে নেমেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু রাজধানী ঢাকায় চলমান মৃদু তাপদাহ যেন তাকে আটকে দিল।
জশুয়া বিশপের করা ৬৬তম ওভারের পঞ্চম বলে ব্যাটে লাগিয়ে নন স্ট্রাইকের দিকে যাচ্ছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু স্বাভাবিকভাবে রান নিতে পারেননি এই ব্যাটার। খুড়িয়ে খুড়িয়ে প্রান্ত বদল করেন তিনি।
এরপর ননস্ট্রাইক প্রান্তে এসেই মাঠে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মাঠে আসেন মেডিকেল বিভাগের কর্মীরা। অবস্থা এতটাই বেগতিক ছিল যে, আর দাঁড়তেই পারেননি হৃদয়। তাই বাধ্য হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্রাম্প হয়েছে তার। মুশফিকুর রহিমের চোটের কারণে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন হৃদয়। এবার নিজেই মাঠ ছাড়লেন চোট নিয়ে। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট অভিষেক হয় হদয়ের। সে ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।