বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

উচ্চ বেতনের চাকরি ও নানা সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে আটকে রাখা ১২ জন নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। উদ্ধার হওয়া নারীদের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে চীনে পাচারের পরিকল্পনা চলছিল। বাসায় আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অনৈতিক কাজেরও প্রস্তাব দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও ভাটারা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই ১২ নারীকে উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দুই নারী নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির সূত্র ধরে এসআরবি অনুসন্ধানে নামে। গত সোমবার বিকেলে প্রথমে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে নিখোঁজ ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত পর্যন্ত ভাটারা এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করেন এসআরবির সদস্যরা।

উদ্ধার হওয়া নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, পাচারকারী চক্রটি তাদের চীনে ভালো চাকরি ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। কোনো ধরনের বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র ছাড়াই তাঁদের বিদেশে পাঠানোর পাঁতারা চলছিল। ঢাকায় একটি বাসায় অবরুদ্ধ করে রেখে তাদের ওপর চলে নির্যাতন।

উদ্ধার করা নারীদের ইতোমধ্যে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।