টেন্ডারের দেড় বছর পার হয়ে গেলেও রাস্তার কাজ এখনো শুরু হয়নি। ৪০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু না করেই পালিয়ে গেছে ঠিকাদার। দেড় বছরেও রাস্তার কাজ না হওয়ায় গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বাজার বয়েস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন এলাকাবাসী।
দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী হোটেল শ্রমিক ফনি দাস বলেন, রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় ফুলবাড়ী থেকে আসার পথে অটোরিকশাটি উলটে খালের মধ্যে পড়ে যায় এতে তার কোমরের হাড় ভেঙে যায়। দীর্ঘ চিকিত্সা করার পরেও ঠিক হয়নি।
ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচলে বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও কিংবা কেনো তারা কাজ ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে বেশকিছুবার উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজ শুরুর আশ্বাস দেন।
ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল বলেন, উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে পাওয়া ২ লাখ টাকায় গত ২০১৮ সালের ডিসেম্বরে রাস্তাটির বাঁধ বাঁধাইসহ রাস্তা রাবিশ দিয়ে গর্ত পূরণ করা হয়েছিল। কিন্তু ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির কারণে সেগুলো ধুয়ে ও বসে গেছে ফলে আবারও চলাচলের অনুপযোগী হয়ে ওঠেছে। উপজেলা প্রকৌশলী আশ্বাস দিয়েছেন শিগগিরই কাজ পুনঃটেন্ডারের মাধ্যমে সম্পাদন করা হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানে ঠিকাদার শাহাজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার কাজের টেন্ডার দেওয়া হয় বরিশালের শিউলি কন্সট্রাকশনকে। কিন্তু কাজ শুরু করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। পুনঃটেন্ডার করতে সময় লাগায় কাজটি শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরেই রাস্তার কাজটি সম্পন্ন করা হবে।