সান্তাহারে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, ডেঙ্গু আতঙ্ক

আদমদীঘি উপজেলার পৌর শহরের সান্তাহার এসএমআই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে জলবদ্ধতার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় সমস্যা দেখা দিয়েছে। স্কুলে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে গিয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, সান্তাহার এসএমআই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ, সামনের খেলার মাঠ, স্কুলের নিচে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা পানি ভেঙে স্কুলে প্রবেশ করছে। জলাবদ্ধতার কারণে স্কুলের প্রাত্যহিক সমাবেশ করায় সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলে চারপাশের ময়লা-আবর্জনা ভেসে এসে আশ্রয় কেন্দ্রের দেয়ালে লেগে থাকে। স্কুল ভবনের নিচে পানি জমে থাকার কারণে মশার উপস্থিতি বেড়েছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। অনেক অভিভাবক জলাবদ্ধতার কারণে স্কুলে তাদের সন্তানদের আসতে দিচ্ছে না। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ চরম সংকটে পড়েছে।

সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল আলম বলেন, স্কুলটির জলবদ্ধতা দূর করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আশা করছি দুই/তিন দিনের মধ্যে সমস্যাটির সমাধান হবে।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, স্কুলটির জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। তারপরও আমরা পৌরসভার পক্ষ থেকে সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম দেওয়ান বলেন, স্কুলটির জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা বিষয়ে আমি অবগত আছি। সমস্যা সমাধানে সরকারি বরাদ্দের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।

এসএমআই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদা খানম বলেন, একটু বৃষ্টি হলেই স্কুলটির সামনের মাঠসহ চারপাশ জলাবদ্ধতার সৃষ্টি হয়। সমাবেশ করা যায় না। শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। স্কুলটির অবকাঠামোসহ নানা সমস্যা আছে। আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।