আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান কক্ষে পড়ে গিয়ে আঘাত পেয়ে চিৎকার করায় ৬ষ্ঠ শ্রেণির আরেফিন ছিদ্দিকি নামে এক শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরে বিজ্ঞান বিভাগের পাঠদানকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শিক্ষকের এমন বেদম প্রহারে বাসায় এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে কলাপাড়া  হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আহত আরেফিন ছিদ্দিকি একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনের ছেলে।

শিশুটির বাবা ইত্তেফাককে বলেন, আমার ছেলেটার মাত্র এগারো বছর বয়স। বিদ্যালয়ে পাঠদানকালীন সময়ে আরেফিন পড়ে গিয়ে পায়ে ব্যাথা পাওয়ায় একটু জোরে চিৎকার করে ওঠে। এসময় প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক রাশেদ সাহেব কোন কিছু জিজ্ঞেস না করেই কক্ষে ঢুকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে ছেলেকে আহত করে।

তিনি বলেন, ওই শিক্ষকের বেত্রাঘাতে আরেফিনের শরীরে কিছু অংশ ফেটে রক্ত ঝড়ছে। এছাড়া প্রতিটি আঘাতই গুরুতর এবং ফুলা জখম হয়েছে। তিনি বলেন, এবিষয়ে পরে ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ দিলে তিনি ওই খণ্ডকালীন শিক্ষককে ডেকেছিলেন।

তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।
 
এদিকে আহত শিশুর সহপাঠীরা জানান, আরেফিন পড়ে গিয়ে ব্যাথা পাওয়ায় জোরে চিৎকার দিয়েছে। কিন্তু স্যার এসেই পেটাতে শুরু করেছে। কিছু জিজ্ঞেসও করেনি।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, রাশেদ ফোন ইউজ করেন না। ফলে ওই শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, এ বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের কাছে যাওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে উভয় পক্ষই এসেছিল। ওই শিক্ষক ক্ষমা চেয়েছেন। 

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।