ঝিনাইদহে ধর্ষণ মামলায় দুই জন গ্রেফতার

ঝিনাইদহে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ধ্যার পর ঐ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়ি যাচ্ছিল। এ সময় বাড়ির পেছনে আগে থেকে ওত পেতে থাকা বেলাট গ্রামের প্রিন্স হোসেন ও কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের নয়ন হোসেনসহ তিন জন তার মুখ চেপে তুলে নিয়ে যায়। পাশের কলাবাগানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরে ফেলে দেয়। সে সময় গ্রামের এক ব্যক্তি দেখে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে মেয়েটির স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রিন্স হোসেন ও নয়ন হোসেনকে গ্রেফতার করে।