সেঞ্চুরি করে সাদমান বললেন— ‘আমাদের ভুল হয়ে গেছে’

মিরপুর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। তার সেঞ্চুরির পরও বড় ইনিংস দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। মাত্র ৫৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় টাইগাররা। 

সেঞ্চুরি দেখা পেলেও দলের এমন ব্যাটিং ধসকে নিজেদের ভুল হিসেবেই দেখছেন সাদমান। তার মতে, টপ অর্ডারের ব্যাটাররা ইনিংস আরও বড় করতে পারলে বাংলাদেশের স্কোর ৪৫০ থেকে ৫০০ রানেও পৌঁছাতে পারতো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাদমান বলেন, ‘সকালে আমাদের আর্লি উইকেট পড়ে। কারণ, আমি আর লিটন যখন ব্যাটিং করছিলাম, তখন আমি যদি আর কিছুক্ষণ খেলতে পারতাম কিংবা ইনিংসটা আরেকটু বড় করতে পারতাম, তাহলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো। সেখানেই একটা ভুল হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা টপ অর্ডাররা যদি এই স্কোরটা আরেকটু বড়—১৫০, ১৭০ বা ২০০ করতে পারতাম, তাহলে হয়তো দলের রান সাড়ে চারশ বা পাঁচশ থাকতো, আমাদের ভুল হয়ে গেছে। এরপর যখন এমন পরিস্থিতি আসবে, চেষ্টা থাকবে যত বড় করা যায়।’

প্রায় দেড় বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান। এর আগে কয়েকটি ইনিংসে পঞ্চাশ পেরিয়েও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। সাদমান বলেন, ‘অন-অফ একটু সমস্যা করে। তবে এটা ক্রিকেটেরই একটা অংশ। উইকেট নিয়েও শুরু থেকে আলাদা করে কোনো চিন্তা করিনি। পরিকল্পনা ছিল, যে বল আসবে খেলব। মিরপুরের উইকেটে সকালে কিংবা দিনের শেষ দিকে ব্যাটারদের একটু সমস্যায় পড়তে হয়। ক্রিকেটজীবনে এমন পরিস্থিতি আসবেই। আলহামদুলিল্লাহ, এসব মাথায় না নিয়েই ব্যাটিং করেছি।’