ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ভর্তি সার পাচারের সময় চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি একেএম ইলিয়াস হাওলাদারকে (৫৫) আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে মালিগ্ৰাম বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার একেএম ইলিয়াস হাওলাদার দীর্ঘ দিন ধরে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির দায়িত্বে রয়েছেন বলে স্থানীয় ও দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, সার পাচারের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা ডিএফপি সার ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তার সারের ডিলার একেএম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সারের ডিলার।
জানা গেছে, সম্প্রতি সারের নতুন ডিলার নিয়োগ হলেও একেএম ইলিয়াস হাওলাদার আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত। বুধবার দিবাগত গভীর রাতে সে তার দোকানের ২৫০ বস্তা সার ট্রাকে বোঝাই করে পার্শ্ববর্তী শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করছিল। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ৯৯৯ কল দেয়।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাকটি সারের ডিলার একেএম ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেলপার আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক ও সারের ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় সারের ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, আটকরা ও জব্দ করা সার ভর্তি ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সার পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছি।