বদরগঞ্জে বিয়ে করতে এসে বরের মাথা ফাটিয়ে দিয়েছে কনেপক্ষ। এ সময় বর সাহান বাদশাহ ছাড়াও কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার ও অবরুদ্ধ অবস্থা হতে বরের বাবা মহুবুল ইসলামকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার মধুপুর ইউপির বাওচণ্ডি সাকোয়াপাড়া নামক গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউপির কাজিপাড়া গ্রামের মহুবুল ইসলামের ছেলে সাহান বাদশাহর সঙ্গে সাকোয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর কন্যা আয়েশা খাতুনের বিবাহসম্পন্ন হয়। বুধবার ছিল বিদায় অনুষ্ঠান। বরপক্ষ মেয়ের বাড়িতে বিদায় আনতে গেলে গেটে টাকা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কনেপক্ষের লোকজন লাঠিশোটা নিয়ে বরপক্ষের ওপর হামলা করে। এতে করে বর সাহান বাদশার মাথা ফেটে যায়। আরো কয়েকজন আহত হয়।
বদরগঞ্জ থানার ওসি আরিফ আলী জানান, ঘটনাটি জানার পর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।