কুড়িগ্রামে বিপুল ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

কুড়িগ্রাম সদর উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ এক আইনজীবী, তার স্ত্রী ও অপর এক সহযোগীকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার খলিলগঞ্জ ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে চালানো বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভুরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার বাসিন্দা মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খলিলগঞ্জ ওয়াপদাপাড়ার ওই বাড়িতে অভিযান চালান ডিএনসির সদস্যরা। তল্লাশিকালে আইনজীবী আলমগীর হোসেনের হেফাজত থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১ পুরিয়া হেরোইন এবং তাদের সহযোগী শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১৯৫টি ইয়াবা (যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম) এবং পলিথিনসহ ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ-নেওয়াজ জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটককৃত তিনজনকে কুড়িগ্রাম সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএনসির দায়ের করা মামলায় আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।