পরমাণু নিরস্ত্রীকরণে পুনরায় প্রতিশ্রুতি উত্তর কোরিয়ার

রয়টার্স

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, পরমাণু নিরস্ত্রিকরণ এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে সরে যায়নি তার দেশ।

গতকাল শুক্রবার বেইজিংয়ে চীনা সরকারের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই’র সাথে বৈঠকে একথা বলেন ইয়ং হো। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কূটনৈতিক পৃষ্ঠপোষক চীন। যদিও মাঝে মাঝে উত্তর কোরিয়ার পরমাণু ও মিসাইল কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চীন।

দক্ষিণ কোরিয়া এবং ওয়াশিংটনের সাথেও সম্পর্কের খানিকটা উন্নতি হয়েছে উত্তর কোরিয়ার। ইয়ং হো বলেন, যুক্তরাষ্ট্রের সাথে প্রয়োজনীয় আস্থার সম্পর্ক গড়তে চায় উত্তর কোরিয়া। গত জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকে দুই নেতা পরমাণু নিরস্ত্রিকরণে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 যদিও এব্যাপারে খুব বেশি অগ্রগতি হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ও উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের যোগাযোগ সবসময় চালু রাখতে হবে। গত মাসে ইয়ং হো সিরিয়া সফর করেছেন। এবছর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য তিনবার চীনে গিয়েছেন। শি জিনপিং সম্ভবত শিঘ্র উত্তর কোরিয়া সফর করবেন। আগামী বছর উত্তর কোরিয়া সফর করতে পারেন শি জিনপিং।