রিয়ালের প্রস্তাবও ব্যর্থ!

নেইমারকে দলে ফেরাতে বার্সেলোনার প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছিল পিএসজি। এবার নেইমারকে সই করাতে রিয়াল মাদ্রিদের সর্বশেষ চেষ্টাটিও বিফলে গেল। ফলে ব্রাজিলীয় তারকার ভবিষ্যত্ নিয়ে সংশয় অব্যাহত রইল।

ফরাসি সংবাদ মাধ্যম লেকুইপ জানাচ্ছে এবার রিয়ালের প্রস্তাব ছিল বিশাল। ১০০ মিলিয়ন ইউরো তো বটেই; সঙ্গে ফরোয়ার্ড গ্যারেথ বেল, মিডফিল্ডার হামেস রদ্রিগেজ এবং গোলরক্ষক কেইলর নাভাসকে দেওয়ার পরিকল্পনা করেছিল রিয়াল। তবে ওয়েলস ফরোয়ার্ড বেল চলতি মৌসুমেই দল ছাড়ার ব্যাপারে বেশ অনাগ্রহী। রিয়ালের হয়ে আরো একবার নিজেকে প্রমাণ করতে বদ্ধপরিকর বেল, এমনটাই জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। এর ওপর এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে, তারকা খেলোয়াড়টিকে মাদ্রিদে আনার জন্য রিয়ালের কোনো প্রস্তাবের অংশ হতে বেশ অনীহা আছে বেলের। যারই ফলে পিএসজিকে আর বড়ো প্রস্তাবটি করা হয়নি রিয়ালের। করে ফেললে শেষমেশ পিএসজি আর এমন লোভনীয় প্রস্তাবে রিয়ালকে প্রত্যাখ্যান করতো কিনা তা বলা মুশকিল।

দলবদলের সময় শেষ হতে আর বাকি ১০ দিনের মতো। রিয়ালের প্রস্তাব উত্থাপনে ব্যর্থতা এবং বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান হবার পর নেইমারের ভবিষ্যত্ আরো ধোঁয়াশায় পড়ে গেলো। এদিকে পিএসজি দলে নেইমারের অবস্থানও বেশ নড়বড়ে হয়ে গেছে। দলের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ঠাঁই মেলেনি তার। ধারণা করা হচ্ছে ভবিষ্যতের ফয়সালা হবার আগ পর্যন্ত তাকে একাদশে রাখবে না পিএসজি। তবে নেইমারকে দলে পাবার ক্ষেত্রে আগ্রহী দলের তালিকায় শুধু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদই দুটো দল নয়। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডটিকে পেতে গেল সপ্তাহে যোগ দিয়েছে জুভেন্তাসও। ইতালীয় সংবাদ মাধ্যমের মতে, নেইমারকে পেতে ৯৫ মিলিয়ন ইউরো এবং পাওলো দিবালাকে দিতে ইচ্ছুক ইতালীয় চ্যাম্পিয়নরা।

গেল সপ্তাহে নেইমারকে ধারে পাবার জন্য বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল পিএসজি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে প্রস্তাবটি আরো উন্নত করে আবারও খেলোয়াড়টিকে দলে ভেড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।