নাদাল ওপেনে মারে

অ্যান্ডি মারে আগামী সোমবার শুরু হতে যাওয়া রাফা নাদাল ওপেনে খেলার মধ্য দিয়ে তার একক ইভেন্টে ফেরা অব্যাহত রাখবেন। স্পেনের মায়োর্কা দ্বীপে অবস্থিত নাদালের অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে ‘চ্যালেঞ্জার ট্যুর’ নামের এই টুর্নামেন্টটি। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় মারে জানুয়ারিতে পিঠের ব্যথার কারণে দীর্ঘ সময় খেলতে পারেননি। এরপর ফিরে এলেও এককের দুটি খেলাতেই হারেন তিনি। ৩২ বছরের এই স্কটিশ ২০০৫ সালের পর এই প্রথম দ্বিতীয় সারির এই চ্যালেঞ্জার ট্যুরে খেলছেন। এছাড়াও আগামী মাসের শেষে তার চীনে দুটি ইভেন্টে অংশ নেওয়ার কথা। তবে তিনি জানিয়েছেন এর সঙ্গে আরো ম্যাচ যোগ হতে পারে। নাদাল অবশ্য নিজের এই ইভেন্টেই থাকছেন না। কারণ আগামী সোমবার থেকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনও শুরু হতে যাচ্ছে।