সিদ্ধিরগঞ্জে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ ট্যাংকার জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় ট্যাংকার চালক সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় এলাকা থেকে এই তেলসহ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ট্যাংকলরির নাম্বার চট্ট-মেট্রো ৪১-০৮০৩।

তিনি বলেন, ট্যাংকলড়িটির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া। এই ঘটনায় রোববার সিদ্ধিরগঞ্জ থানায় তিনজনকে নামীয় আসামি এবং ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন ট্যাংকলড়ী ড্রাইভার সাগর হোসেন (২৭), পলাতক হেলপার দ্বীন ইসলাম (৫২) ও পলাতক আসামি ট্যাংকলরির মালিক আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়া (৫০)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, চিটাগাংরোড এলাকা থেকে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েলসহ একটি ট্যাংকলরি জব্দ করেছে ডিবি। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

জানা গেছে, জব্দকৃত ট্যাংকলরির মালিক সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার ইয়ার হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ আমলে সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নেতৃত্বে বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে ছিল তার সরব অবস্থান।