জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভান্ডার’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর) মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বালিজুড়ী বাজারে ফলের ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে জড়িত।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ‘নাশকতার মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সৌরভ হাসান কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’