২ মাসে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

পশ্চিম ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি উল্লেখ করেছে, এসব বাস্তুচ্যুতির প্রায় সবই ঘটেছে গত দুই মাসের মধ্যে।

সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আইওএম জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্র খুঁজে পেতে এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে, আর যাতায়াতের ওপর বিধিনিষেধের কারণে সহায়তাকারী সংস্থাগুলোর জন্য অভাবগ্রস্তদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বাস্তুচ্যুতদের দুর্বিষহ পরিস্থিতি বর্ণনা করে ইয়েমেনে আইওএম-এর মিশন প্রধান আব্দুসাত্তর এসোয়েভ বলেন, ‘বছরের পর বছর ধরে চলা সংঘাতের পর ইয়েমেনের পরিবারগুলো আবারও পালাতে বাধ্য হচ্ছে, প্রায়শই তাদের পরনের কাপড় ছাড়া তেমন কিছুই সঙ্গে থাকছে না।’

সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা প্রয়োজন। আরও তহবিল ছাড়া হাজার হাজার পরিবার জরুরি সহায়তা না পেয়ে পড়ে থাকতে পারে।’

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাই মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনের সিভিল ওয়ারে আক্রমণ বৃদ্ধি পায়, যার ফলে ২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতিটি ব্যর্থ হয়।

সূত্র: আল জাজিরা