ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা মডেল মসজিদের সামনে দুই দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর ) সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে ঢাকা থেকে খুলনাগামী লেনের ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্ৰামের দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০)। নিহত অপরজন স্বাধীন সরকার (২০), তিনি নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের শাহাদাত সরকারের ছেলে।
আহতরা হলেন, নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৮) এবং পৌরসভার ভারইডাঙ্গা গ্ৰামের শওকতের ছেলে রাজন(২১)।
হাইওয়ে পুলিশ ও লোকাল থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী দুটি মোটরসাইকেল ইন্টারচেঞ্জ এরিয়ার খুলনাগামী লেন অতিক্রম করছিল। বেপরোয়া গতির কারণে মডেল মসজিদের সামনে আসতেই একটি মোটরসাইকেল সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন অপর দুই আরোহী।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই। দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ থানায় রয়েছে। পরিবারে খবরে দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।