রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের কার্যক্রম মনিটরিংয়ের সুপারিশ

রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তত্পরতা জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান জানান।

তিনি বলেন, বৈঠকে মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের জন্য একটি সেফ জোন সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য স্থায়ী কমিটির সদস্যদের সিঙ্গাপুর ও থাইল্যান্ড সফরের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ফারুক খান জানান, দেশের ভাবমূর্তি এবং নিরীহ মানুষকে রক্ষায় বিদেশে অবস্থানরত চিহ্নিত অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি দালালচক্রের সদস্যরা দেশে এলেই যেন গ্রেফতার করা হয়, কমিটি সেই সুপারিশও করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দূতাবাসে ভিসা পেতে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সিনিয়র নাগরিকদের হয়রানি রোধে মন্ত্রণালয়কে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।