আট বছর পর আবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। হাতে আছে মাত্র দুই দিন। বৃহস্পতিবার মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথম দিনই ম্যাচ খেলবে। অথচ কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেল না বাংলাদেশ। গত ১ অক্টোবর জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের ম্যাচটাই সব শেষ খেলা।
সাফের আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদেরকে ঝালিয়ে নিতে পারল না তারা কোথায় আছে। ফিফা আসিয়ান কাপ ফুটবলের ম্যাচই সাফের প্রস্তুতি ধরে নিয়ে নামতে হবে। এক মাস আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কতটুকু ধরে রাখতে পারছেন জাতীয় দলের খেলোয়াড়রা, সেটি কোচ থমাস ডুলি ভালো বলতে পারবেন।
ফুটবল বিশেষজ্ঞদের মতে মূল টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শেষ প্রস্তুতিটাই হয় একটা ম্যাচ খেলে। যেখান থেকে কোচ তার সেরা একাদশ নির্ধারণ করবেন। ট্যাকটিস গুছিয়ে নেবেন। কিন্তু থমাস ডুলি সেটি করতে পারেননি। বাফুফে সাফের আগে কোচকে প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে দিতে পারেনি। নিজেদের মধ্যে ম্যাচ খেলে মাঠে নামবে।
থমাস ডুলি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি রোনান সুলিভানকে নিয়ে দল ঘোষণা করেছিলেন। তাকে ৯ নম্বর পজিশনে খেলাতেও চেয়েছিলেন। কিন্তু হঠাৎ খবর পেয়েছেন রোনান সুলিভান চোট পেয়েছেন। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের বক্তব্যে জানা গেছে রোনান সুলিভান ১০ অক্টোবর চোট পেয়েছেন আর চোট পাওয়ার খবর প্রকাশ করা হয়েছে ২৯ অক্টোবর বলে রোনান ফাহাদ করিমকে জানিয়েছেন।
প্রশ্ন উঠছে রোনান সুলিভান কি তার চোট নিয়ে লুকোচুরি করেছেন কিনা। বাংলাদেশের ফুটবলে সেটাই উড়ে বেড়াচ্ছে। বলাবলি হচ্ছে রোনান সুলিভান চোট গোপন রেখে সাফে আসতে চেয়েছিলেন। কিন্তু তার পক্ষে সেটি সম্ভব হয়নি। চোট নিয়ে তিনি খুব বেশি কিছু করতে পারবেন না। তা ছাড়া তার ডাক্তারও নাকি আট সপ্তাহ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। এই যদি হয় হিসাব, তাহলে রোনান সুলিভান সাফে খেলতে পারবেন না সেটাই স্বাভাবিক।
রোনান সুলিভানের চোট নিয়ে থমাস ডুলি বলেন, 'আপনারাও যে খবর পেয়েছেন, আমিও ঠিক সেই খবরই পেয়েছি যে তার চোট আছে এবং সে আসতে পারছে না। তাই আমি এমন বিষয় নিয়ে ভাবি না, যা আমি বদলাতে পারি না। দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই। পরিস্থিতি বদলাবে না। তাহলে কেন ভাবব? ধরুন এখন যদি হামজা এসে বলে তার চোট রয়েছে, আমি কী করতে পারি। এখন সমাধান খুঁজে বের করতে হবে।'
কোচ বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের একজন নির্দিষ্ট নাম্বার নাইন ছাড়াই খেলতে হতে পারে। তাহলে আমাদের সামনে কী বিকল্প আছে? আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে, যিনি নাম্বার নাইন পজিশনে খেলতে পারেন এবং তার থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে হবে।'
রোনান সুলিভানের ইস্যু নিয়ে বাফুফে বলতেও পারছে না সইতেও পারছে না। বাফুফের কর্মকর্তারা বুঝে গেছেন রোনান সুলিভান তার চোট নিয়ে লুকোচুরি করেছেন। চোটের কথা শুরুতেই জানিয়ে দিলে তখনই কোচ থমাস ডুলি ভিন্নভাবে পরিকল্পনা করতে পারতেন। রোনান সুলিভানের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় যুক্ত হচ্ছে কিনা, ডুলি বলেন, 'সেই সুযোগ নেই। আমরা ১০ জন নিয়ে খেলছি না, আমরা ১১ জনের বিরুদ্ধে ১১ জন খেলছি। তাই আমাদের নাম্বার নাইন পজিশনে কাউকে না কাউকে রাখতেই হবে। আমরা আসিয়ান কাপে কোনো নির্দিষ্ট নাম্বার নাইন ছাড়াই খেলেছিলাম।'
প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ডুলি বলেন, একটাই প্ল্যান, সেটা হচ্ছে জয়। রোনান সুলিভানের কারণে নতুন ফুটবলার দলেও নিতে পারছেন না। ফর্টিসের ফুটবলার টুডুকে দলের জন্য আলোচনা হলেও সেটি হয়নি। তার পরও চেষ্টা চলছে।'