স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে জয়ের সুবাস পাচ্ছে ওয়ালটন মধ্যাঞ্চল। বগুড়ায় ম্যাচের শেষ দিনে আজ জয়ের জন্য মধ্যাঞ্চলকে তুলে নিতে হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অবশিষ্ট আট উইকেট। জয়ের সুযোগ আছে পূর্বাঞ্চলের সামনেও। ম্যাচ জিততে তাদের করতে হবে আরও ২৫৫ রান।
পাঁচ হাফ সেঞ্চুরিতে গতকাল মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হেয়ছে ৩৯৩ রানে। জয়ের জন্য পূর্বাঞ্চলের টার্গেট দাঁড়ায় ৩২৬ রান। দিনের তৃতীয় সেশনে ২৩ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ৭১ রান তুলেছে পূর্বাঞ্চল। মোহাম্মদ আশরাফুল ২৪, মাহমুদুল হাসান ২৩ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচটি ড্রয়ের পথেই এগুচ্ছে। তিনদিনে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। দক্ষিণাঞ্চলের ৩২৯ রানের জবাবে সাত উইকেটে ৩৮২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল। সানজামুল ইসলাম ১৬, সোহাগ গাজী ৫ রানে ব্যাট করছেন।
শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল শেষ আট উইকেটে ২৫৪ রান যোগ করেছিল মধ্যাঞ্চল। হাফ সেঞ্চুরি করেছেন পাঁচ ব্যাটসম্যান। তবে তিন অঙ্কের ঘরে যেতে পারেননি কেউই। মার্শাল আইয়ুব ৭০, আব্দুল মজিদ ৬৭, তাইবুর ৫৯, পিনাক ঘোষ ৫৩, শহীদুল অপরাজিত ৫০, শাহাদাত ৩৩ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে আশরাফুল চারটি, হাসান মাহমুদ তিনটি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রনি তালুকদার (১২), শামসুর রহমান (১১) ফিরেছেন ২৫ রানের মধ্যেই। পরে ৪৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন আশরাফুল-মাহমুদুল হাসান। মধ্যাঞ্চলের শাহাদাত, সালাউদ্দিন শাকিল একটি করে উইকেট পান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল উত্তরাঞ্চল শেষ আট উইকেটে ২৪৬ রান যোগ করেছে। জুনায়েদ সিদ্দিকী প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেছেন। ৩০৭ বলে দুটি চারে ১১২ রান করেন তিনি। সেঞ্চুরি মিস করেছেন জিয়াউর রহমান ও নাঈম ইসলাম। জিয়াউর ৯০, নাঈম ৮৩, ধীমান ঘোষ ৫১ রান করেন। দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক তিনটি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ১১৮ ও ৩৯৩, ৯৫.৪ ওভার (মার্শাল আইয়ুব ৭০, আব্দুল মজিদ ৬৭, তাইবুর ৫৯, পিনাক ঘোষ ৫৩, শহীদুল ৫০*, শাহাদাত ৩৩; আশরাফুল ৪/৩৪, হাসান মাহমুদ ৩/৬০, ফরহাদ রেজা ১/৫৪, আবু জায়েদ রাহী ১/১০০)।
পূর্বাঞ্চল: ১৮৬ ও ৭১/২, ২৩ ওভার (মাহমুদুল হাসান ২৩*, আশরাফুল ২৪*, রনি তালুকদার ১২, শামসুর ১১; শাহাদাত ১/১০, সালাউদ্দিন শাকিল ১/৩০)।
দক্ষিণাঞ্চল: ৩২৯
উত্তরাঞ্চল: ৩৮২/৭, ১৬৩ ওভার (জুনায়েদ ১১২, জিয়াউর ৯০, নাঈম ইসলাম ৮৩, ধীমান ঘোষ ৫১, জহুরুল ১৫, সানজামুল ১৬*, সোহাগ গাজী ৫*; রাজ্জাক ৩/১২১, দেলোয়ার ১/৩৭, কামরুল ইসলাম রাব্বি ১/৬৮, মেহেদী হাসান ১/৮৭, নাহিদুল ১/৫৭)।