মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত সুজন মুন্সী একই ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবপ্রবাসী সুজনের সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মাইসাকে একাধিকবার মারধর করেন সুজন বলে অভিযোগ রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, বুধবার বিকেলে একপর্যায়ে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়। পরে সুজন তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে নিহতের পরিবারকে খবর দেন।
হাসপাতালে গিয়ে মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। তাদের সন্দেহ হলে রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে সুজনকে আটক করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে।