জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার মামলায় সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাকে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই দুজনের মধ্যে পারিবারিক বিরোধ ও বাগ্বিতণ্ডা দেখা দিত।
মামলার অভিযোগে বলা হয়, এরই জেরে ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের একপর্যায়ে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করেন। পরে তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পান্না বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় সিরাজুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তার বিরুদ্ধে এ রায় দেন।
