কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত দক্ষিণ এশীয় অঞ্চলে উত্তেজনা বাড়াবে

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, কাশ্মীর ইস্যুটি দীর্ঘদিনের অমীমাংসিত একটি বিষয়। কাশ্মীর নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দক্ষিণ এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাবে। এতে সাম্রাজ্যবাদী শক্তিসমূহের এ অঞ্চলে হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় তারা একথা বলেন।

রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, সিপিবির কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান ও গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া।