যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বাবা নিহত ছেলে আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইমারত হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে আব্দুল হাদি ইমন (২২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ইমারত হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল আবাসিক এলাকায় পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ইমারত হোসেন। গতকাল বিকালে ছেলেকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে ইমারত গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বিকেল পৌঁনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে হানিফ ফ্লাইওভারের ঢালে কুতুবখালী পৌঁছলে পেছন থেকে হোমরা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সড়কে। তাদের উদ্ধার করে একজন পথচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৪টা ২০ মিনিটে চিকিত্সক ইমারতকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার এসআই নাসির উদ্দিন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক শাহজালাল ও হেলপার আলমগীরকে আটক করা হয়েছে।