ডামি নির্বাচন ও আগের রাতের ভোট আর হবে না: ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের নির্বাচন ‘নির্বাচন ব্যবস্থা’য় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘অতীতে দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা আগের রাতেই ফলাফল নির্ধারণের মতো পরিস্থিতি আর থাকবে না। নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও সেই পরিবর্তন আনতে হবে।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক, কৃষক ও শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে পুরোনো ব্যবস্থায় চললে হবে না, পরিবর্তন আনতে হবে। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের অনেক উন্নয়ন সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের সরকার আগের গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। হয়তো কিছুটা সময় লাগছে, কিন্তু সরকারের আন্তরিকতা রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, তা বাস্তবায়নে আমরা সবাই কাজ করছি।

সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, দেশের স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থার বিষয়ে প্রতিনিয়ত মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছে। হাসপাতাল হওয়ার কথা সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা, অথচ সেখানেই বেশি নোংরা পরিবেশ দেখা যায়। সুস্থ মানুষ হাসপাতালে গিয়ে আরও অসুস্থ হয়ে ফেরেন। উন্নত দেশগুলোর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন হলেও আমাদের দেশের হাসপাতালগুলোর চিত্র ভিন্ন। এসব অবস্থার পরিবর্তন করতে হবে। স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। আগে ঢাকা শহরের সড়কের ল্যাম্পপোস্টে অসংখ্য সাইনবোর্ড লাগানো থাকত, এখন সেগুলো সরানো হয়েছে। ৫-৬ মাসে অনেক পরিবর্তন এসেছে। সদিচ্ছা থাকলে আমরাও কেন পরিবর্তন আনতে পারব না? আমরা নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখি, অথচ অফিস-আদালত পরিষ্কার রাখার ক্ষেত্রে অনীহা দেখা যায়। এতে দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না।

প্রধানমন্ত্রীর কর্মতৎপরতার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। মন্ত্রীরাও তার আগেই অফিসে যাওয়ার চেষ্টা করেন। আগে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে মিটিং করতেন। এখন সচিবালয়ে মন্ত্রীদের সঙ্গে বসছেন। এতে সময় ও যানজট কমানোর বার্তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে উদাহরণ তৈরি করে অন্যদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন।

নতুন প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী চান, ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট হয়ে না যায়। একটি প্রজন্মের ক্ষতি হলে বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সে কারণেই নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বিভিন্ন ক্ষেত্র ভরে গিয়েছিল। সেসব পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। এখন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের ভালো ভাবলেও তা আর চলতে দেওয়া হবে না। নির্বাচন ব্যবস্থার পরিবর্তনই এর একটি প্রমাণ। ঠাকুরগাঁওয়ের নির্বাচন সেই পরিবর্তনের দৃষ্টান্ত।

সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।