মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে নয়, বরং ওই এলাকার একটি ভবনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেলসহ মিছিলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে মিরপুর-১-এর পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ওই এলাকার তানিম ভবনের সামনে সড়ক থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল-লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, লোকজন জড়ো করে মিছিলের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি হিসেবে এসব বিস্ফোরক ও সরঞ্জাম রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আল মাহমুদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া ককটেল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার করা ককটেলগুলো খোলা জায়গায় গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।

পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়

এদিকে, গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা ও সদস্যদের আহত করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক জুলহাস (২০), আরাফাত ইসলাম জিসান (২৫), মো. রশিদ আলী (৩০), মো. সোহেল রানা (২৬), মো. মিলন বাবু (৩২), মো. আনারুল ইসলাম (৩০), মো. রানা (২৭) ও মো. মনছুর আলী (৪০)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, তাদের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে জানানো হবে।