বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিনের বয়স ৩২ বছর। তিনি নোয়াখালী সদর থানার আবু তাহেরের ছেলে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় লরির মালিককে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় লরির ধাক্কায় একটি বাস উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। এ দুর্ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হন।

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঘটনার পর বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রায় ছয় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনার জন্য দায়ী লরিচালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালককে আদালতে পাঠানো হবে।

এদিকে শিক্ষার্থীদের অন্য দাবিগুলো বাস্তবায়নেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।