সিলেট টেস্ট 

গোড়ালির চোটে সাদমানের খেলা নিয়ে অনিশ্চয়তা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাঁ গোড়ালিতে চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। এ কারণে ম্যাচের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালে বাউন্ডারি ঠেকাতে ডাইভ দেওয়ার সময় বাঁ গোড়ালি মচকে যায় সাদমানের। প্রচন্ড ব্যথা অনুভব করায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর তীব্রতা নির্ধারণে সাদমানের এমআরআই করানো হবে। বায়েজিদুল বলেন, “সাদমানের বাঁ গোড়ালি মচকে গেছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার এমআরআই করাবো।”

মেডিকেল দলের কাছে এমআরআইয়ের প্রতিবেদন না আসা পর্যন্ত ব্যাটিংয়ে সামানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা থাকবে। স্ক্যানের মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা এবং সেরে উঠতে কত সময় লাগতে পারে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

সাদমানের এই চোট বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার চোট দলকে দুশ্চিন্তায় ফেলেছে। ওই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।