শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজির দাম কমতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে মাছ-মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। ফলে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংস কিনতে ক্রেতাদের বাড়তি খরচের চাপ কমেনি।
গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুনবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা এবং মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ধুন্দল, ঝিঙা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। এ ছাড়া ঢ্যাঁড়শ ও কচুমুখি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটোর কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১২০ টাকা কেজি। গোল বেগুনের দাম ৮০ টাকা। অন্য জাতের বেগুন পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া, দেশি শসা ৪০ থেকে ৫০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা এবং দেশি পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম কিছুটা কমে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায় নেমেছে, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদার দাম কেজিতে ১০ টাকা কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি রসুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আমিনুল বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এ কারণে বেশ কিছু সবজির দাম কমেছে। তিনি বলেন, মাসখানেকের মধ্যে সব ধরনের সবজির দাম আরো কমবে।
এদিকে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, শিং ৩৫০ থেকে ৪৫০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাতল মাছ ৩০০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ১৮০ থেকে ২৫০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৯৫০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগি ও মাংসের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা কেজিতে। এছাড়া, গরুর মাংসের কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে। গতকাল বাজারে ফার্মের বাদামি রংয়ের প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহেও ১৪০ টাকা ডজন বিক্রি হয়েছে।