হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেলেন স্টিফেন মিলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) এ ঘোষণা দেন ট্রাম্প। সদ্য শেষ হওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর নিজের বিতর্কিত নীতিগুলোতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এ নিয়োগকে।

আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে হোয়াইট হাউসে মিলারের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৪১ বছর বয়সী স্টিফেন মিলার ট্রাম্পের অন্যতম কট্টর সমর্থক। বিশেষ করে অভিবাসনবিরোধী কঠোর নীতি এবং ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প মিলারকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন’ বলে উল্লেখ করেন। আগামী সোমবার থেকে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন তিনি।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সাধারণত প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মীদের তদারকি, নিয়োগ, প্রেসিডেন্টের কর্মসূচি ও বৈঠকের সময়সূচি ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণী বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্টের কাছে কোন তথ্য পৌঁছাবে, কারা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন এবং প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে কীভাবে সমন্বয় হবে-এসব ক্ষেত্রেও চিফ অব স্টাফের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ কারণে পদটিকে অনেক সময় প্রেসিডেন্টের ক্ষমতার ‘দ্বাররক্ষক’ বা ‘গেটকিপার’ বলা হয়।

সূত্র: আল জাজিরা