রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৫৫৫ জন আটক, ৫০টি মামলা

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে আটক করেছে।

অভিযানের সময় ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, ২টি সোনার চেইন, ১টি প্রাইভেট কার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন বলেন, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এ সব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।