আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ নির্দেশ অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপ্রধান বাড়তি টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বোর্ড।
শনিবার (৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। এ অবস্থায় কোনো পরীক্ষার্থীর কাছ থেকেই নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলিম পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সম্ভাব্য তালিকা থেকে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন ও ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টা পর চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা প্রিন্ট করা যাবে। তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার এক কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে ফি জমার রসিদও সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। ভুল করে অন্য শিক্ষার্থীর নাম নির্বাচন করা হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসরণ করা হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।
পরীক্ষার ফি হিসেবে প্রতি পত্রের তত্ত্বীয় বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা দিতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে অকৃতকার্য বিষয়ে উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের পরবর্তী বছরের পাবলিক পরীক্ষায় অংশ নিতে হতো।