নাটোর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুব হায়দার মিন্টুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শহরের বঙ্গজল এলাকার ট্রমা সেন্টারের সামনে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বের হলে তুলে নিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
এসময় মিন্টুর ব্যবহৃত হোন্ডা ট্রাকসন গাড়িটি ভাংচুর করে সন্ত্রাসীরা। আহত যুবলীগ নেতা মিন্টু শহরের উত্তর চৌকিরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং বগুড়ার ইউনিক কন্সালটেশন ফার্মের ব্যবস্থাপক।
হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু সাংবাদিকদের জানান, তিনি বৃহস্পতিবার বগুড়া থেকে নাটোর বাড়িতে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাসা থেকে বের হলে স্থানীয় সন্ত্রাসী সুমন ও বাবুর নেতৃত্বে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে জিম্মি করে বাড়ির পাশে ট্রমা সেন্টারের সামনে নিয়ে যায়। সেখানে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে এবং নগদ টাকা, মোবাইল ও চেক বই নিয়ে যায়।
আরো পড়ুন : সাতক্ষীরা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত
তিনি বলেন, এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আমাকে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় সন্ত্রাসী বাবু ও সুমন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।
অভিযুক্ত বাবু ও যুবলীগ কর্মী সুমন জানান, মিন্টু হত্যার চেষ্টার ঘটনায় তারা জড়িত নয়। এটা ষড়যন্ত্র।
ইত্তেফাক/আরকেজি