ঝালকাঠির নলছিটিতে মামলার আসামি উপজেলার দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি মামলার আসামি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে।
এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনা সংশ্লিষ্ট চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।