‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কু’পিয়ে হ’ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৯

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা দক্ষিণপাড়া গ্রামের স্থানীয় কৃষক আফসার শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধ।

সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতো। বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য বাবাকে চাপ দেয়। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে খায়রুল শেখ ঘরে ঢুকে ধারালো বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফসারের বড় ছেলের স্ত্রী রিমা খানম বলেন, ‘শ্বশুর বাজার থেকে বাড়িতে আসার আগে খায়রুল বাড়ি আসে। আমার কাছে জিজ্ঞাসা করেন, “ভাবি, দাও কই?” আমি বলি, দাও তো তোমার ভাইয়া নিয়ে গ্যাছে, দাও দিয়ে কী করবা? কচ্ছে, “ডাব কাটব।” পরে শুনতেছিল, “মা কই?” আমি বলছি, মা তো বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। এরপর আমি এট্টু সরে গেছি। তারপর শ্বশুরের কাশির শব্দ শুনলাম। পেছনে ফিরে দেহি, শ্বশুররে ও কোপ দেছে।’ তিনি আরও বলেন, এক বছর ধরে খায়রুল শ্বশুরকে নেশার টাকার জন্য প্রায়ই মারধর করতেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আফসার শেখকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক কোপের চিহ্ন আছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত খয়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এপি