ওয়ানডেতেও স্পিন পরীক্ষার অপেক্ষায় উইন্ডিজরা

স্পোর্টস রিপোর্টার

টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন আক্রমণেই ঘায়েল হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্পিন সহায়ক উইকেটে সাকিব-তাইজুল-মিরাজ-নাঈমদের সামাল দিতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ওয়ানডে সিরিজেও আরেকবার স্পিন পরীক্ষার মুখে পড়বেন বলে ধারণা করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। বিকেএসপিতে গত বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে ফ্ল্যাট ব্যাটিং উইকেটে খেলা হয়েছিল। রোভম্যান পাওয়েলের মতে, ওয়ানডেতে এমন উইকেট থাকবে না।

জ্যাসন হোল্ডারের ইনজুরির কারণে এই সিরিজে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন জ্যামাইকান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। ওয়ানডে সিরিজের উইকেট প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের উইন্ডিজ অধিনায়ক বলেছিলেন, ‘ঠিক টেস্ট ম্যাচের মতো, আমরা বিশ্বাস করি এখানে (ওয়ানডেতে) উইকেট স্পিন করবে। কিন্তু এখানে খুব বেশি স্পিন করছিল না। ভালো উইকেট ছিল।’

বিকেএসপিতে উইকেটটা ছিল ভালো ওয়ানডে উইকেট। যেখানে ব্যাটসম্যানরা ব্যাট চালাতে পেরেছেন ইচ্ছেমতো। বোলারদের জন্য ছিল না কোনো সাহায্য। স্পিনার, পেসার কেউই সুবিধা করতে পারেননি। দুই দলই তিনশোর বেশি রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ৩৩১ রান করেছিল। তামিম-সৌম্যর সেঞ্চুরিতে বাংলাদেশ ৪১ ওভারেই তুলে ফেলেছিল ৬ উইকেটে ৩১৪ রান।

তবে এমন উইকেটে প্রস্তুতি ম্যাচ খেলতে দেওয়ায় কিছুটা চিন্তিত রোভম্যান পাওয়েল। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘হ্যাঁ, এই উইকেটটা খুব ভালো। এটা ভালো ওয়ানডে উইকেট। বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। কিন্তু তারা প্রথম ওয়ানডের আগে খুব ভালো একটা উইকেট দিয়েছে আমাদেরকে, যেটা চিন্তার বিষয়।’

আলোর স্বল্পতার কারণে ম্যাচ শেষ করা যায়নি। পরে বাংলাদেশকে ডিএল মেথডে ৫১ রানে জয়ী ঘোষণা করা হয়। ম্যাচ হারলেও রোভম্যান পাওয়েল বলেছেন, প্রস্তুতি ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেমনটা ভালো ব্যাটিং করেছেন শেই হোপ, রোস্টন চেজ, অ্যালেন, হেটমায়ার, কাইরেন পাওয়েলরা। হাফ সেঞ্চুরি করেছিলেন হোপ ও চেজ।

উইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো ম্যাচ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। তাই কিছুটা হতাশ। কিন্তু প্রথম ওয়ানডেতে যাওয়ার আগে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় পেলাম আমরা।’

ম্যাচে রোচ-ওশানে থমাসের মতো দ্রুতগতির বোলারদের সুবিধা করতে দেননি তামিম ও সৌম্য। দুই সেঞ্চুরিয়ানই ব্যাট হাতে উইকেটের চারপাশে শটস খেলেছেন। রোচদের গতি ব্যবহার করে ঝড়ো গতির ইনিংস খেলেছেন। তামিম-সৌম্যর সেঞ্চুরির প্রশংসা করেছেন রোভম্যান পাওয়েলও। তিনি বলেছেন, ‘আমি মনে করি খুব ভালো ইনিংস ছিল। যে কোনো উইকেটে সেঞ্চুরি পাওয়া দারুণ কিছু।’