নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপান করা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূ সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিজ বাড়িতে শ্বশুর আসলাম সিকদারের ধর্ষণের শিকার হন খাদিজা। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।