বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহক চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম শিথিল করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
এ ছাড়া বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হলেও নতুন নির্দেশনায় এ শর্ত তুলে দেওয়া হয়েছে। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
পেশাগত ও সনদভিত্তিক কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। এসব খাতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজে (Form FMJ)-তে ঘোষণা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে পারবেন। ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে আনা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।