একটি সেভ কখনো কখনো একটি শিরোপা জয়ের সমান হয়ে ওঠে। চিলির ক্লাব ফুটবলে তেমনই এক মুহূর্তের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়া। ম্যাচের ৯৭ মিনিটে নুবলেনসের নিশ্চিত গোল ঠেকিয়ে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, কোলো কোলোর লিগ শিরোপা জয়ের উৎসবও পূর্ণতা দিয়েছেন তিনি। বিশ্বকাপে আলো ছড়ানোর পর এবার ক্লাব ফুটবলেও শিরোপার স্বাদ পেলেন এই গোলকিপার।
রোববার নুবলেনসের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটির ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। আর কোলো কোলোর হয়ে ভোজিনিয়ার ক্যারিয়ারের প্রথম ট্রফি।
ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের কর্নার থেকে গোল করে কোলো কোলোর হয়ে এগিয়ে যান আরতুরো ভিদাল। সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডারের গোলে লিড নেয় দলটি। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনা গোল করে নুবলেনসকে সমতায় ফেরান।
ম্যাচের নাটকীয়তা জমে ওঠে শেষ দিকে। যোগ করা সময়ে জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে গোল করেন কোলো কোলোর মার্কোস বোলাদোস। এরপর ম্যাচের ৯৭ মিনিটে প্রতিপক্ষের শেষ আক্রমণ থেকে আসা নিশ্চিত গোল ঠেকিয়ে দেন ভোজিনিয়া। তার দুর্দান্ত সেভেই জয় নিশ্চিত হয় কোলো কোলোর।
২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে কোলো কোলো। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির পয়েন্ট ৫১। দুই দলের ব্যবধান ১০ পয়েন্ট হওয়ায় বাকি তিন ম্যাচের ফল আর শিরোপার ভাগ্য পরিবর্তন করতে পারবে না।
শিরোপা জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ভোজিনিয়া বলেন, ‘এটা আমার জীবনের, আমার ক্যারিয়ারের এত দিনের সব অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি।’ এই শিরোপা নিজের পরিবার ও মাতৃভূমি কেপ ভার্দেকে উৎসর্গ করেছেন তিনি।
আগামী মৌসুমে কোলো কোলোর হয়ে কোপা লিবার্তাদোরেস খেলবেন কি না, সে বিষয়ে এখনই ভাবতে চান না ভোজিনিয়া। তাঁর ভাষায়, ‘আজ উদ্যাপনের দিন। ভবিষ্যৎ নিয়ে পরে কথা হবে। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
গত কয়েক মাসে ভোজিনিয়ার জীবন অনেকটাই রূপকথার মতো বদলে গেছে। ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব ফুটবলের নজর কাড়েন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল মাত্র ৫০ হাজার। ওই ম্যাচের পর কয়েক ঘণ্টার মধ্যেই অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছায়। বর্তমানে তার অনুসারী ২ কোটি ৭৫ লাখ। অ্যাডিডাস, পেপসি ও রেড বুলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায়ও যুক্ত হয়েছেন তিনি। ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের ভোটে ষষ্ঠ স্থান অর্জন করেন।
অথচ বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগে খেলতেন ভোজিনিয়া। বিশ্বকাপের পর জুলাইয়ের শেষ দিকে চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দেন তিনি। ক্লাবটিতে তার যোগ দেওয়ার মুহূর্তটিও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। আতশবাজির আলোয় হাজারো সমর্থকের সামনে এসতাদিও মনুমেন্তালে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
তবে ক্লাবের হয়ে মাঠে নিয়মিত সুযোগ পাননি এই গোলকিপার। কোলো কোলোর হয়ে সম্ভাব্য ১৫ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। দলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে রয়েছেন ১৯ বছর বয়সী চিলিয়ান গ্যাব্রিয়েল মাওরেইরা। এমনকি বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার ক্লদিও ব্রাভোও ভোজিনিয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভোজিনিয়ার সঙ্গে কোলো কোলোর চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর ক্লাবে তার অবস্থান আরও শক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
লিগের বাকি তিন ম্যাচে নিজেদের মাঠে ইউনিভার্সিদাদ কাতোলিকা ও লা সেরেনার মুখোমুখি হবে কোলো কোলো। অন্য ম্যাচটি খেলবে কোব্রেসালের মাঠে। এরপর ভোজিনিয়ার ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবে ক্লাব কর্তৃপক্ষ।