ভুটানকে হারিয়ে সূচনা করলেও সমালোচনা হচ্ছে কোচ থমাস ঢুলিকে নিয়ে। থমাস কেন ৯ নম্বর পজিশনে বিশ্বনাথকে খেলিয়েছেন। বিশ্বনাথ রক্ষণের ফুটবলার। উইংব্যাক পজিশনে খেলেন তাকে কেন স্ট্রাইকার বানাতে চেষ্টা করলেন ঢুলি। এ কথা শুনে ঢুলি প্রশ্ন করলেন, 'কাকে খেলাব আপনি নাম দিন। আমাকে একটা নাম দিন, যাকে আমি ৯ নম্বর পজিশনে খেলাতে পারি।'
ক্ষাণিকটা রেগেই গেলেন। তার কাছে মনে হচ্ছে কোচ থমাস ঢুলি যেটা বুঝাতে চাইছেন সেটি অনেকেই বুঝতে পারছেন না। যে কারণে তাকে নিয়ে সামলোচনা হচ্ছে। 'সমালোচনার কী আছে। আমি যা করেছি তা বুঝে শুনেই তো করেছি। আমার কাছে মনে হয়েছে বিশ্বনাথকে দিয়ে হতে পারে। দেখুন আমি রক্ষণভাগের ফুটবলার। ডিফেন্ডার হিসেবে আমি কী করব। প্রতিপক্ষের স্ট্রাইকারদেরকে ঘায়েল করব। যাকে ঘায়েল করব সে যদি নিজেই ভয় পান তাহলে কার ওপর ভরসা রাখব'- বলছিলেন মার্কিন কোচ ঢুলি।
৯ নম্বর পজিশনের জন্য একাধিক নাম বলা হয়েছিল কোচকে। রাফায়েল টুডু, সৌরভ দেওয়ান কিংবা ইব্রাহিমও হতে পারতেন কি না। ঢুলি সবগুলো নাম উড়িয়ে দিয়েছেন। 'ওরা তো দলেই নেই। রাফায়েল নেই, সৌরভ নেই। আর ইব্রাহিমের কথা বলছেন সেটাও চিন্তা করেছি।' কোচ বলেন, '২৮ জনের নাম জমা দেওয়া হয়ে গেছে। সময় শেষ। আর নতুন নাম জমা দেওয়া যাবে না।'
রোনান সুলিভান এবং মাহি খান, দুই ফুটবলারকে ৯ নম্বর পজিশনে খেলানোর কথা পরিকল্পনা করা হয়েছিল। সেটা তো হলো। মাহি খানের ব্যাপারে খেলামোলা বলেছেন কোচ থমাস ঢুলি। 'আপনি যখন ৯ নম্বর পজিশনে খেলবেন, তখন আপানাকে প্রতিপক্ষের ডিফেন্ডার গুলি করতে চাইবে। কথার কথা বলছি। আপনাকে মারাত্মক আঘাত করতে চাইবে। আর তখন যদি আপনি নিজে গোলের চেষ্টা করার চেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তখন আর গোলের দেখা পাবেন না।'
থমাস ঢুলি ফুটবলীয় অঙ্গভঙ্গি করে দেখিয়ে দিলেন, 'এভাবে তো ৯ নম্বর পজিশনে খেলতে পারবেন না। আপনাকে অনেক সাহসী হতে হবে। মনে রাখতে হবে প্রতিপক্ষ ডিফেন্ডার আপনাকে যে কোনো ধরনের আঘাত করতে আসতে পারে।' থমাস ঢুলি অনুশীলনে মাহি খানকে দেখে সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানেরও ৯ নম্বর পজিশনে খেলার কথা ছিল। রোনান সুলিভান নামটা ওঠার সঙ্গে সঙ্গে এড়িয়ে যান কোচ। কারণ রোনান সুলিভান ইনজুরি হওয়ার অনেক পরে জানিয়েছে-এ কথা বলায় কোচ ঢুলি মুখ খোলেন। 'আগে বললে আমি চেঞ্জ করার সময় পেতাম। নাম জমা দেওয়ার শেষ তারিখ চলে গেছে আরও আগে।'
