রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার উপায়

সকালের নাশতা কিংবা দিনের অন্য সময়ে অনেকেরই কলা খাওয়ার অভ্যাস রয়েছে। স্বাদ ও পুষ্টিগুণের কারণে জনপ্রিয় এই ফলটি বাজার থেকে কেনার সময় অবশ্য সতর্ক থাকা জরুরি। কারণ, দ্রুত পাকাতে কিছু অসাধু ব্যবসায়ী কলায় রাসায়নিক ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এসব রাসায়নিক দিয়ে পাকানো কলা খেলে শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে কলার রং বা চেহারা দেখেই রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায় না। তারপরও কয়েকটি লক্ষণ দেখে সতর্ক হওয়া সম্ভব।

‘টিভি নাইন’-এর এক প্রতিবেদনে রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ছয়টি লক্ষণ তুলে ধরা হয়েছে।

১. খোসায় কালচে বা বাদামি ছোপ নেই

প্রাকৃতিকভাবে পাকলে অনেক কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যায়। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলায় এমন ছোপ থাকবে, বিষয়টি এমন নয়। তাই শুধু ছোপ না থাকাকে রাসায়নিক ব্যবহারের নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা যাবে না।

২. অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং

কলার খোসা যদি পুরোপুরি একই রকম উজ্জ্বল হলুদ হয় এবং কোথাও রঙের তারতম্য না থাকে, তাহলে সেটি কৃত্রিমভাবে পাকানো হতে পারে। তবে জাত ও পাকার অবস্থাভেদেও কলার রঙে পার্থক্য দেখা যায়।

৩. বোঁটা সবুজ, কিন্তু কলা হলুদ

কলার বোঁটা সবুজ বা কাঁচা অবস্থায় থাকলেও পুরো ফল হলুদ হয়ে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। এটি কৃত্রিমভাবে পাকানোর একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে।

৪. বাইরে পাকা, ভেতরে কাঁচা

কলার খোসা হলুদ হলেও ভেতরের অংশ শক্ত, স্বাদে কষভাব বা কাঁচা ভাব থাকলে সেটি পুরোপুরি না পাকতেই বাজারজাত করা হয়েছে কি না, তা খেয়াল করা জরুরি।

৫. স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই

প্রাকৃতিকভাবে পাকা কলায় সাধারণত মিষ্টি ও পরিচিত সুগন্ধ থাকে। কলায় সেই স্বাভাবিক গন্ধ না থাকলে সতর্ক হওয়া উচিত। তবে গন্ধ না থাকলেই রাসায়নিক ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়া যায় না।

৬. থোকার সব কলা একই রকম পাকা

একটি থোকার সব কলা যদি একই সময়ে অস্বাভাবিকভাবে একই রং ও অবস্থায় পেকে যায়, তাহলে কৃত্রিমভাবে পাকানোর সম্ভাবনা থাকতে পারে।

রাসায়নিক দিয়ে পাকানো কলা খাওয়ার ঝুঁকি

কলা পাকাতে অননুমোদিত বা দূষিত রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিকের সঙ্গে ক্ষতিকর দূষক থাকলে তা শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে এলে বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া মাথাব্যথা, মাথা ঘোরা এবং স্নায়ুতন্ত্রের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।

তাই কলা কেনার সময় শুধু রং বা বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত না নিয়ে ফলের স্বাভাবিক গন্ধ, গঠন ও পাকার অবস্থা খেয়াল করা উচিত।