সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদে (ইউপি) উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার কোনো ইউপিতে বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে আব্দুল্লাহ আল আমিন এ অভিযোগ করেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি।’
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউপি উন্নয়নের বরাদ্দপত্র মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
এদিন আব্দুল্লাহ আল আমিন সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রয়োজন-এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই। তিনি মহানগর থেকে নির্বাচিত।’
এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তার নির্বাচনী এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দুই-একটি বোধ হয় থাকতে পারে।’
বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হয়েন না।’